মনিরুল ইসলাম: ধর্ষণের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিচারিতা চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট বা বড় সংজ্ঞা নেই। একটি ঘটনার বিচার চাওয়া হবে, আর অন্যটির বিচার চাওয়া হবে না—এমন অবস্থান গ্রহণযোগ্য নয়। সব ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে।
সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাজেট ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
একটি সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার ১৯ ঘণ্টা পর সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে ইতোমধ্যে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপরও কিছু বক্তব্য ও বিতর্কে তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, “আইনে যেমন উচ্চ দুর্নীতি বা নিম্ন দুর্নীতি বলে কিছু নেই, দুর্নীতি মানেই দুর্নীতি; ঠিক তেমনি ধর্ষণের ক্ষেত্রেও ছোট-বড় কোনো বিভাজন নেই। সব অপরাধই সমান এবং সবক্ষেত্রেই আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে।”
দুদক সংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি শক্তিশালী ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠনের লক্ষ্যেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে দ্রুত কমিশনকে কার্যকর করার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে বিষয়টি সংসদে বিল আকারে উপস্থাপন করে আরও শক্তিশালী আইন প্রণয়ন করা হবে।
এ সময় তিনি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপিত শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং খাতের অনিয়ম ও রাজনৈতিক বিবেচনায় দেওয়া ঋণের অর্থ দিয়ে একাধিক পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।
পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।