শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮৪ বছর বয়সী মাকে ফিরে পেতে অপহরণকারীদের অর্থ দেয়ার ঘোষণা দিলেন সাভানাহ

মার্কিন সংবাদ উপস্থাপক সাভানাহ গাথরি’র মা ন্যান্সি গাথরিকে অপহরণ করা হয়েছে। শনিবার অপহরণকারীদের উদ্দেশে সাভানাহ বলেছেন, তার ৮৪ বছর বয়সী মা ন্যান্সি গাথরি’কে নিরাপদে ফিরিয়ে দিলে পরিবার অর্থ দিতে প্রস্তুত। অ্যারিজোনার এই বাসিন্দাকে খুঁজে পাওয়ার জন্য তীব্র অনুসন্ধান সপ্তম দিনে গড়িয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাভানাহ বলেন, আমরা আপনাদের বার্তা পেয়েছি এবং বুঝেছি। এখন আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দিন যাতে আমরা তার সঙ্গে আবার একসঙ্গে থাকতে পারি।

এটাই আমাদের শান্তি পাওয়ার একমাত্র উপায়। এটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমরা টাকা দেব।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ফিনিক্সে এফবিআই দপ্তরের মুখপাত্র কেভিন স্মিথ জানান, গাথরি যে বার্তার কথা বলেছেন, সেটি শুক্রবার বিকেলে টুকসনভিত্তিক টেলিভিশন স্টেশন কেওএলডি’তে পাঠানো হয়েছে। কেওএলডি জানায়, ওই দিন সামাজিক মাধ্যমে গাথরি মামলার সঙ্গে সম্পর্কিত একটি ইমেইল তারা পেয়েছিল। তবে এফবিআই তদন্ত চালিয়ে যাওয়ায় তারা বার্তার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করেনি। সপ্তাহজুড়ে একাধিক সংবাদমাধ্যম এমন কিছু চিঠি পেয়েছে, যেগুলোকে সম্ভাব্য মুক্তিপণ দাবি হিসেবে ধরা হচ্ছে। অন্তত একটি চিঠিতে অর্থ দাবি করা হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যা ও পরবর্তী সোমবার সন্ধ্যাকে সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চিঠিগুলো কতটা বিশ্বাসযোগ্য তা নিশ্চিত করা যায়নি। তবে সব তথ্যই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একটি চিঠিতে ন্যান্সি গাথরির অ্যাপল ঘড়ি এবং তার বাড়ির একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের উল্লেখ ছিল বলেও জানানো হয়। 

শনিবার প্রকাশিত ভিডিওটি ছিল এ সপ্তাহে অপহরণকারীদের উদ্দেশে করা পরিবারের তৃতীয় আবেদন। তদন্তকারীদের ধারণা, গত সপ্তাহান্তে টুকসনের বাইরে অবস্থিত নিজের বাড়ি থেকে ন্যান্সি গাথরিকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। পিমা কাউন্টির শেরিফ ক্রিস ন্যানোস জানান, তার বাড়ির বারান্দায় পাওয়া রক্তের নমুনা ডিএনএ পরীক্ষায় ন্যান্সি গাথরির সঙ্গে মিলেছে। এখনো কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়নি এবং কাউকেই তদন্তের বাইরে রাখা হয়নি। শেরিফ শুক্রবার জানান, ন্যান্সি গাথরির বাড়ির একটি ক্যামেরা তার নিখোঁজ হওয়ার দিন কাউকে ধারণ করতে না পারায় তিনি হতাশ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, বাড়ির ডোরবেল ক্যামেরাটি রবিবার ভোরেই বিচ্ছিন্ন করে দেয়া হয়। কিছুক্ষণ পর সফটওয়্যার ডাটায় বাড়ির ভেতরে নড়াচড়ার রেকর্ড পাওয়া যায়। তবে ন্যান্সি গাথরির সক্রিয় সাবস্ক্রিপশন না থাকায় কোনো ভিডিওচিত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ন্যানোস এপি’কে বলেন, বিষয়টি উদ্বেগজনক ও হতাশাজনক। ওদিকে শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, তদন্ত খুব ভালোভাবেই এগোচ্ছে। তিনি আরও বলেন, আমাদের কাছে কিছু শক্তিশালী সূত্র আছে বলে মনে হচ্ছে। খুব শিগগিরই কিছু তথ্য সামনে আসতে পারে। 

শুক্রবার তদন্তকারীরা আবার ন্যান্সি গাথরির এলাকায় তল্লাশি চালায়। শেরিফের দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, তদন্তকারীদের কাজের সুবিধার জন্য তার বাড়ির সামনের রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে এবং সেখানে অবস্থান করা সাংবাদিকদের সরে যেতে বলা হয়। স্থানীয় বাসিন্দাদের সংগঠন ক্যাটালিনা ফুটহিলস অ্যাসোসিয়েশন একটি চিঠিতে জানায়, এলাকায় তাৎক্ষণিকভাবে আবার অনুসন্ধান শুরু হয়েছে। সংগঠনের সভাপতি লিখেছেন, আমরা সবাই সম্মিলিতভাবে বিস্ময় ও দুঃখের মধ্যে একসঙ্গে আছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, ক্যামেরার ছবি শেয়ার করা এবং নিজের সম্পত্তিতে তল্লাশি চালাতে দেয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।

সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়