স্পোর্টস ডেস্ক : কথায় বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো। চলতি বিশ্বকাপে কাপ, জার এবং ক্যানের মতো সামগ্রী নিষিদ্ধ করেছিল ফিফা। অর্থাৎ মদের বোতল বা কাপ নিয়ে স্টেডিয়ামে ঢোকা বারণ দর্শকদের। কিন্তু বিশ্বকাপের প্রথম সপ্তাহেই সেই নিয়মকে উপেক্ষা করলেন ফুটবলপ্রেমীরা। ম্যাচ চলাকালীন গ্লাসে মদ ঢেলে পান করার ভিডিও শেয়ার করেছেন মেক্সিকোর এক দর্শক। তবে মদ্যপান নয়, নেটিজেনদের নজর কেড়েছে মদ নিয়ে স্টেডিয়ামে ঢোকার ‘নিনজা টেকনিক’।
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ফুটবলের বিশ্বযুদ্ধ। উদ্বোধনী ম্যাচ খেলা হয়েছে মেক্সিকোর ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকায়। উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পারফরম্যান্স, মাঠে নেমে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার হাড্ডাহাড্ডি লড়াই-সমস্তই দেখেছেন ফুটবলপ্রেমীরা। সেসবের টুকরো টুকরো ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কিন্তু তারমধ্যেই আলাদা করে নেটিজেনদের নজরে পড়েছে বিশেষ একটি ভিডিও। - সংবাদপ্রতিদিন
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মোবাইল ফোনের মাথার উপর ঢাকনা খুলে গ্লাসে পানীয় ঢালছেন ওই ফুটবলপ্রেমী। নেটিজেনরা তাজ্জব, মোবাইলের মধ্যে মদ এল কী করে? তবে ভিডিওটি ভালো করে খুঁটিয়ে দেখলে ভুল ভাঙবে। মোবাইলটি আসলে ফোন নয়। সেটি ছোট্ট এক বোতল। কিন্তু দেখতে অবিকল মোবাইল ফোনের মতো। তবে ভিডিও দেখে মনে হতে বাধ্য, আসলে মোবাইল থেকেই মদ ঢালা হচ্ছে। নিয়মের বেড়াজাল টপকে লুকিয়ে মদ নিয়ে স্টেডিয়ামে ঢোকার এই ‘নিনজা টেকনিকে’ মজেছে নেটদুনিয়া।
প্রসঙ্গত, নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ শুরুর আগে একগুচ্ছ নিয়মাবলি জারি করেছিল ফিফা। সেখানে বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপের ভেন্যুগুলিতে কোনও ধরনের জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। শুধু বোতলই নয়, কাপ, জার এবং ক্যানের মতো সামগ্রীও নিষিদ্ধ করা হয়েছে। আয়োজকদের মতে, এই ধরনের বস্তু ছুড়ে মারা হলে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল বা দর্শকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
যদিও উদ্বেগ ছিল, প্রচণ্ড গরমের মধ্যে জলের বোতল সঙ্গে নেওয়ার অনুমতি না থাকলে দর্শকদের ভোগান্তি বাড়তে পারে। কিন্তু এবার জল নিয়ে স্টেডিয়ামে ঢোকার ফন্দি পেয়ে গেলেন আমজনতা।