স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস বোলার নাহিদ রানা দারুণ ফর্মে আছেন। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে নিজের গতির কারিশমা ভালোভাবেই দেখিয়েছেন তিনি। এবার অস্ট্রেলিয়া সিরিজ। বল হাতে ফর্মের তুঙ্গে আছেন নাহিদ রানা।
তিন ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। চোট, সিনিয়রদের বিশ্রাম মিলিয়ে এবারের দলে নেই অভিজ্ঞদের অনেকেই। তুলনামূলক অনভিজ্ঞদের নিয়ে সাজানো স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন জশ ইংলিস। প্রথম ওয়ানডের আগের দিন অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক ইংলিস। কথা বলেছেন রানাকে নিয়ে।
সংবাদ সম্মেলনে ইংলিস বলেছেন, আমি তার বোলিং (নাহিদ রানার বোলিং) অনেক বেশি দেখিনি। তবে যতটুকু দেখেছি মনে হয়েছে, সে অনেক ভালো একজন বোলার, দারুণ এক্সাইটিং প্রসপেক্ট। সে বেশ লম্বা এবং অনেক জোরে বল করে। এমন কম্বিনেশন থাকাটা দারুণ ব্যাপার। তাকে খেলাটা এই সিরিজে আমাদের জন্য বেশ কঠিন। বলতে পারেন আমরা আতংকে আছি।
এই সিরিজে বাংলাদেশি পেসাররা এগিয়ে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অজি অধিনায়ক বলেছেন, ‘এই সিরিজের পর বোঝা যাবে (হাসি)। অবশ্যই আমাদের দলে বড় অনেক নাম নেই। তবে যারা দলে আছে তারাও অনেক দিন ধরে খেলছে। নাথান এলিস অনেক দিন ধরে ভালো করে আসছে, বেন ডোয়ারসুইশও। তাদের এই পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তারা অনেক এক্সাইটিং এবং তারা এই সিরিজে কী করতে পারে তা দেখতে আমি মুখিয়ে আছি।
মঙ্গলবার ৯ জুন মিরপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।