শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৩:১৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ইস্যুতে উত্তেজনা: ইউরোপজুড়ে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

ইউরোপজুড়ে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ বিভিন্ন ইউরোপীয় দেশে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। অনেক দেশে জ্বালানির দাম দুই ইউরোর কাছাকাছি পৌঁছেছে। জার্মানিতে ঘণ্টায় ঘণ্টায় ডিজেলের দাম বেড়ে ২ ইউরো ১০ সেন্ট ছাড়িয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে সরকার ও ভোক্তাদের মধ্যে।

শুক্রবার (৬ মার্চ) সরেজমিনে দেখা যায়, জার্মানিতে ডিজেলের পর সবচেয়ে সস্তা সাধারণ পেট্রোল সুপার ই–১০-এর দামও লিটারপ্রতি দুই ইউরোর সীমা অতিক্রম করেছে। অটোমোবাইল ক্লাব এডিএসি’র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশে সুপার ই–১০-এর দাম দাঁড়ায় লিটারপ্রতি ২.০২ ইউরো। গত বুধবার সকালে এর দাম ছিল ১.৯৯৫ ইউরো।

ডিজেলের দামও দ্রুত বাড়ছে।

বৃহস্পতিবার সকালে জার্মানিতে ডিজেলের গড় দাম ছিল লিটারপ্রতি ২.০৮৬ ইউরো, যা বুধবার ছিল ২.০৫৪ ইউরো। শুক্রবার তা বেড়ে হয়েছে ২.১২ ইউরো।
জানা গেছে, জার্মানিতে সাধারণত আমদানি কর কম থাকার কারণে ডিজেলের দাম পেট্রোলের তুলনায় কম থাকে। তবে আন্তর্জাতিক সংকটের সময় ডিজেলের দাম তুলনামূলক দ্রুত বাড়ে।

ইউক্রেন যুদ্ধের শুরুতেও একই চিত্র দেখা গিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, জার্মানিতে শিল্পখাতে গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় আন্তর্জাতিক সংকটের সময় এর চাহিদা দ্রুত বেড়ে যায়, যা বাজারে দামের ওপর চাপ সৃষ্টি করে।

এদিকে জ্বালানির দামের এই অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে জার্মান সরকার। দেশটির অর্থনীতি মন্ত্রী ক্যাথারিনা রাইখে জানিয়েছেন, বাজার পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ অতিরিক্ত মুনাফা করছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

পরিস্থিতি বিশ্লেষণে জার্মান সংসদ বুন্ডেসটাগের সব দলের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই দলটি সরকারের সঙ্গে সমন্বয় করে বাজার পরিস্থিতি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে।

তবে আপাতত জ্বালানির দামের ওপর সরকারি ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থনীতি মন্ত্রী। উল্লেখ্য, ২০২২ সালে জ্বালানির দাম কমাতে সরকার জুন থেকে আগস্ট পর্যন্ত ডিজেল ও পেট্রোলের ওপর আমদানি কর উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে ইউরোপজুড়ে জ্বালানির দাম আরও বাড়তে পারে। এর প্রভাব পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারেও পড়তে পারে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়