ইফতেখার আলম বিশাল, স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) বেলা ১১টার পর এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে মতিহার থানার তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছায়। এ সময় সামিউল সিরাজ (সিজান) তাদের পথরোধ করে। পরে পূর্ববিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীকে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বান্ধবীরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
ঘটনার পর পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান শুরু করে বোয়ালিয়া থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানার টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)কে গ্রেফতার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।