স্পোর্টস ডেস্ক : জমলো না চান্ডিগড় টেস্ট। একপেশে খেলায় রোববার ৮ উইকেটে ৫৬৪ রান করে আফগানিস্তারনর বিরুদ্ধে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক ভারত। আফগানদের বিপক্ষে টেস্টে কোনো দলের যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৪ সালে ৫৮৬ রান করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১১৩। এখনও ৪৫১ রানে পিছিয়ে সফরকারীরা।
একটি ছক্কা ও ১৫টি চারে ভারতের ইনিংসের সর্বোচ্চ ১২৬ রান করেন গিল। তিন ছক্কা ও ছয় চারে ৮১ রানে কাটা পড়েন পান্ত। অপরাজিত ৫২ রান করতে একটি ছক্কা ও পাঁচটি চার মারেন ওয়াশিংটন।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১৪০ রান খরচায় ৬ উইকেট নেন মোহাম্মাদ সালিম। আফগানিস্তানের তৃতীয় পেসার হিসেবে ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। অন্য দুইজন জিয়াউর রাহমান ও নিজাত মাকসুদ।
১০৩ রান নিয়ে খেলতে নামা গিলকে দিনের তৃতীয় ওভারেই ফেরাত পারত আফগানরা। এলবিডব্লিউর রিভিউ নিলেই পেয়ে যেত প্রতিপক্ষ অধিনায়কের উইকেট। ১০৮ রানে বেঁচে যাওয়া গিলকে কট বিহাইন্ড করেন সালিম। ভাঙে পান্তের সঙ্গে ১৬৯ রানের জুটি।
কয়েক ওভার পর ধ্রুভ জুরেলের স্টাম্প ভেঙে দেন সালিম। ৫২ রান নিয়ে দিন শুরু করা পান্তকে পরের ওভারে বিদায় করেন হাশমাতউল্লাহ ওমারজাই। দ্রুত কয়েকটি উইকেট হারানো ভারতের রান পাঁচশ স্পর্শ করে মানাভ সুথার ও ওয়াশিংটনের ৫৪ রানের যুগলবন্দিতে।
একটি ছক্কা ও চারটি চারে ১২ বলে ২২ রান করেন মোহাম্মাদ সিরাজ। সুথারের পর সিরাজকেও ফেরান সালিম। কিছুক্ষণ পর এই বোলারকে ছক্কা ও চার মেরে ৬৫ বলে ফিফটিতে পা রাখেন ওয়াশিংটন। ওই ওভার শেষে ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা।
অভিষেকে ভালো ব্যাটিংয়ের পর বল হাতেও দ্যুতি ছড়ান সুথার। টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম ওভারে উইকেটের স্বাদ পাওয়া ভারতের বাঁহাতি স্পিনার এদিন শিকার ধরেছেন আরও দুটি।
২৮ রানে শুরুর জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। সেদিকউল্লাহ আতাল, রাহমানউল্লাহ গুরবাজ, হাশমাতউল্লাহ শাহিদি পারেননি দলকে টানতে।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখেছেন রেহমাত শাহ। একটি ছক্কা ও ছয়টি চারে ৪৩ রানে খেলছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।