শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লুইস সুয়ারেজ অবসর ভেঙে উরুগু‌য়ের হ‌য়ে বিশ্বকাপ খেলতে চান

স্পোর্টস ডেস্ক :  লুইস সুয়ারেজ ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন। তবে অবসর নেওয়ার পর উরুগুয়ে জাতীয় দলে ফেরার ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করেছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। দলের চাওয়া অনুযায়ী আসন্ন বিশ্বকাপে খেলতে আগ্রহী সুয়ারেজ জোর দিয়ে বলেছেন, দেশের ডাকে সাড়া না দেওয়া তাঁর পক্ষে অসম্ভব।

চলতি সপ্তাহে উরুগুয়ের প্রকাশনা 'ডায়ারিও ওভাসিওন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী সুয়ারেজ বলেন, ‘স্বাভাবিকভাবেই, জাতীয় দল সব সময়ই এমন কিছু যা আপনি চান। আপনি আজ এটা নিয়ে ভাবছেন, আপনার মনে এটি ঘুরপাক খাচ্ছে; সামনেই বিশ্বকাপ, আর সেই মুহূর্তে যদি তারা আপনাকে প্রয়োজন মনে করে... তবে আপনি কী করবেন? আমি আমার দেশকে কখনোই 'না' বলতে পারব না, কখনোই আমার দেশকে “না” বলব না। -- টি স্পোর্টস

সুয়ারেজ ২০২৪ সালের সেপ্টেম্বরে উরুগুয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে তিনি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নেন। ৩৯ বছর বয়সী বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড উরুগুয়ে নতুনদের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নেন। তবে দলের প্রয়োজনে যেকোনো সময়ই ফিরতে প্রস্তুত বলে জানান তিনি।

সুয়ারেজ বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম অন্য খেলোয়াড়দের জন্য জায়গা করে দিতে। কারণ আমার মনে হয়েছিল এমন এক মুহূর্ত চলে এসেছে যখন আমি স্কোয়াডের জন্য আর কার্যকরী ভূমিকা রাখতে পারছি না। কিন্তু তাদের যদি আমাকে প্রয়োজন হয়, আমি কখনোই জাতীয় দলকে 'না' বলব না। এটা অসম্ভব—যতদিন আমি খেলছি, যতদিন আমি সক্রিয় আছি (ততদিন দেশকে না বলা সম্ভব নয়)।’

অবসরের সিদ্ধান্ত নেওয়া সুয়ারেজের জন্য বেশ কঠিন ছিল। জাতীয় দলকে বিদায় দেওয়ার পর নাকি ধীরে ধীরে ফুটবলের প্রতি তাঁর আবেগেও ভাটা নামে, ‘লক্ষ্য এবং স্বপ্নের তাড়নায় ফুটবলের প্রতি যে আকাঙ্ক্ষা ও আবেগ কাজ করে, তা আপনি ধরে রাখেন; আর জাতীয় দলের অংশ হওয়া তো সবসময়ই একটি স্বপ্ন। স্পষ্টতই, আমি বিভিন্ন কারণে (অবসরের) সিদ্ধান্তটি নিয়েছিলাম, কিন্তু দল ছাড়ার পর থেকে ফুটবলের সেই শিখা যেন কিছুটা ম্লান হয়ে গেছে।’

আপাতত সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে সাফল্য পাওয়ার দিকেই মনোনিবেশ করছেন। গত শনিবার অস্টিন এফসি-র বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করেছেন। ২০২৬ মেজর লিগ সকারে (এমএলএস) তাঁর প্রথম গোল ছিল এটি।

কদিন আগেই মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড সুয়ারেজের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন, ‘আমার মনে হয়েছে লুইসকে চমৎকার দেখাচ্ছিল; সমতাসূচক গোলটি নিশ্চিত করতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার বিশ্বাস, সে আরও দুটি সুযোগ পেয়েছিল—ওই গোলটি ছাড়াও বক্সের আশেপাশে আরও দু-একটি সুযোগ তৈরি হয়েছিল।’ 

গত ডিসেম্বরেই মায়মির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি স্বাক্ষর করেন সুয়ারেজ। আগামী শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে সুয়ারেজ এবং ইন্টার মায়ামি মাঠে নামবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়