শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজি না ছাড়লে কমপ্লিট লাল কার্ড: জামায়াত আমির

চাঁদাবাজি বন্ধ না হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যদি কেউ চাঁদাবাজি বাদ না দেয়, তাহলে আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এ ব্যাপারে কোনো রাখঢাক নেই।’

আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশে নতুন একটি পেশা এখন ভালোই চলছে। সেই পেশার নাম চাঁদাবাজি।’ জনতার উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা কি কেউ চাঁদাবাজের ভাই, বাবা, মা, সন্তান বা স্ত্রী হতে রাজি আছেন?’

চাঁদাবাজদের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, ‘যারা এই পেশায় যুক্ত, আজকের জনসভা থেকে তাদের অনুরোধ করছি, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেব, ইনশা আল্লাহ। চাঁদাবাজিকে আমরা ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট।’

জামায়াত আমির বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়।’

জামায়াত আমির আরও বলেন, ‘দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সেটাই জামায়াতের লক্ষ্য। দেশের টাকায় কেনা অস্ত্রে আর কোনো মানুষের প্রাণ যাক, আমরা তা চাই না।’

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। ’৪৭, ’৭১ ও ’২৪-এর প্রতি সম্মান জানানোই ‘হ্যাঁ’। আজাদি অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

‘বস্তাপচা রাজনীতি আর দেখতে চাই না’ মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে, তারা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। যারা জনগণের ভাষা বোঝে না, আগামী ১২ তারিখ জনগণ তাদের ভোটে বুঝিয়ে দেবে।’

বেকার ভাতা বিষয়ে অবস্থান ব্যাখ্যা করে জামায়াত আমির বলেন, ‘বেকার ভাতা দিয়ে তরুণদের বেকার করে রাখতে চাই না। আমরা তাদের দক্ষ করে গড়ে তুলতে চাই। কারিগরের হাত কারও দয়ার জন্য অপেক্ষা করে না।’

নারী উন্নয়ন ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে মা ও বোনেরা সমানভাবে এগিয়ে যাবে। নারী নিরাপত্তার জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। মায়েদের মর্যাদা আমাদের জীবনের চেয়েও বেশি।’

সংসদ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে ছয় মাস পরপর জনপ্রতিনিধিদের জনগণের মুখোমুখি করা হবে।

যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘খেদমত করার সুযোগ পেলে এই যাত্রাবাড়ীর ঋণই সবার আগে শোধ করব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়