শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

আলী হোসেন ফকির বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

সকালে সদরদপ্তরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। আইজিপি পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছিলেন।

পেশাদার পুলিশ কর্মকর্তা মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং স্পেশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত থেকে নিজের মেধা ও পেশাদারত্বের স্বাক্ষর রেখেছেন।

জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলী হোসেন ফকিরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি কসোভো এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। 

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং অফিসার্স ক্লাব ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন।

শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা আলী হোসেন ফকির ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার এই নতুন দায়িত্ব গ্রহণ পুলিশ বাহিনীতে নতুন গতিশীলতা ও পেশাদারত্ব আনবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়