শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (২৩ নভেম্বর) বিকালে দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগগুলোর প্রাথমিক মূল্যায়ন শেষে হিরুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশে অর্থপাচার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

বর্তমানে হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি পদেও রয়েছেন। এছাড়া প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামীয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও তিনি। 

অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ব্যবসার আড়ালে তিনি অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ যাচাই করতে দুদক দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। দলের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন আর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসহকারী পরিচালক আবু তালহা। তারা হিরুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান পরিচালনা করবেন। 

চলতি বছরের জানুয়ারিতে পুলিশ আসাদুজ্জামান ওরফে হিরুকে গ্রেফতার করে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যার ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে। 

পুলিশ আরও জানায়, হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়