শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধ ও শস্য করিডর নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। তিনি আরো জানান, কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানির নিরাপদ করিডর পুনরায় চালু করার বিষয়টিও পুতিনের কাছে তুলবেন।

ন্যাটো সদস্য তুরস্ক যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ ও মস্কোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে—ইউক্রেনকে সামরিক সহায়তা দিলেও মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে তিন দফা শান্তি-আলোচনা আয়োজন করেছে আঙ্কারা এবং নেতৃবৃন্দের একটি বৈঠক আয়োজনের প্রস্তাবও দিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনের পর রবিবার সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ২০২২ সালের কৃষ্ণসাগর শস্যচুক্তি—যেটি তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় হয়েছিল—ইউক্রেন যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করার লক্ষ্যেই করা হয়েছিল।

তিনি বলেন, ‘এক পর্যায় পর্যন্ত আমরা এতে সফল হয়েছিলাম, কিন্তু পরে তা আর চলেনি। এখন  আগামীকাল আমাদের আলোচনায় আমি আবারও পুতিনকে এ বিষয়ে বলব। যদি আমরা এই প্রক্রিয়া আবার শুরু করতে পারি, তা অত্যন্ত উপকারী হবে বলে মনে করি।

তিনি আরো বলেন, ওই ফোনালাপে তিনি ‘মৃত্যু থামানোর উপায়’ নিয়েও আলোচনা করতে চান এবং পুতিনের সঙ্গে কথোপকথনের ফলাফল ইউরোপীয় ও মার্কিন নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

ওয়াশিংটনের ইউক্রেন যুদ্ধবিরতির ২৮ দফা খসড়া পরিকল্পনা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা এ পরিকল্পনাকে রাশিয়ার প্রতি বড় ধরনের ছাড় হিসেবে দেখছে, জেনেভায় এ নিয়ে বৈঠক চলছে।

কৃষ্ণসাগর শস্য উদ্যোগটি ২০২২ সালের জুলাইয়ে স্বাক্ষরিত হয়, যাতে যুদ্ধের মাঝেও প্রায় ৩৩ মিলিয়ন মেট্রিক টন ইউক্রেনীয় শস্য নিরাপদে রপ্তানির পথ খোলা থাকে।

নিজের খাদ্য ও সার রপ্তানিতে বড় বাধা তৈরি হয়েছে অভিযোগ করে রাশিয়া ২০২৩ সালে চুক্তিটি থেকে সরে আসে। 

গত সপ্তাহে এরদোয়ান আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আতিথ্য দেন এবং রবিবার ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ইউক্রেনে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবধরনের কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগাতে হবে। ইস্তাম্বুলে আলোচনা পুনরায় শুরু হলে তা এই প্রচেষ্টায় সহায়ক হতে পারে।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়