শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ‘এক দেশ, দুই সিস্টেম’ মানবে না তাইওয়ান—দৃঢ় অবস্থানে প্রেসিডেন্ট লাই

তাইওয়ান চীনের প্রস্তাবিত ‘এক দেশ, দুই সিস্টেম’ গ্রহণ করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লাই চিং-টে। তিনি বলেন, তাইওয়ানকে নিজের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হবে এবং নিজস্ব নিরাপত্তা সুরক্ষায় দৃঢ় থাকতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার উত্তরাঞ্চলের হুকো সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে লাই বলেন, আক্রমণকারীর দাবি মেনে নিয়ে সার্বভৌমত্ব ত্যাগ করলে কখনও শান্তি আসবে না। প্রকৃত শান্তি আসে শক্তির মাধ্যমে। তাই আমরা মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে বর্তমান অবস্থা বজায় রাখব এবং একীকরণ বা আগ্রাসনের যেকোনও প্রচেষ্টার বিরোধিতা করব।

তিনি আরও বলেন, আমরা ‘এক দেশ, দুই সিস্টেম’ প্রত্যাখ্যান করছি, কারণ আমরা আমাদের স্বাধীন ও গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা চিরকাল অক্ষুণ্ন রাখব।

চীনের তাইওয়ান-বিষয়ক কার্যালয় এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক কোনও মন্তব্য জানায়নি। এর আগে সপ্তাহের শুরুতে বেইজিং বলেছিল, তাইওয়ান ইস্যুতে তারা ‘শক্তি প্রয়োগের বিকল্প একেবারেই বাদ দেবে না’। সাম্প্রতিক বিবৃতিতে চীনের এই অবস্থান ছিল আগের চেয়ে অনেক বেশি কঠোর, যদিও সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত নিবন্ধগুলোতে ‘শান্তিপূর্ণ একীকরণ’ ও ‘স্বায়ত্তশাসনের নিশ্চয়তা’র কথা বলা হয়েছিল।

তাইওয়ানের কোনও বড় রাজনৈতিক দলই চীনের ‘এক দেশ, দুই সিস্টেম’ প্রস্তাব সমর্থন করে না। লাই বলেন, চীন গণপ্রজাতন্ত্র ও প্রজাতন্ত্র চীন (তাইওয়ান) দুই রাষ্ট্র একে অপরের অধীন নয়। তাইওয়ানের সার্বভৌমত্ব কোনোভাবেই লঙ্ঘন বা দখল করা যাবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র জনগণের।

তিনি আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক জীবনধারা বজায় রাখা কোনও প্ররোচনা নয়। জাতীয় প্রতিরক্ষায় বিনিয়োগ মানে শান্তিতে বিনিয়োগ।

চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে লাই প্রতিশ্রুতি দিয়েছেন, ২০৩০ সালের মধ্যে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করবেন।

শুক্রবার লাই অংশ নেন তাইওয়ানের প্রথম এম১এ২টি আব্রামস ট্যাংক ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিক্স নির্মিত এই ট্যাংকগুলো উচ্চ-বিস্ফোরক ট্যাংক-বিধ্বংসী গোলা নিক্ষেপে সক্ষম।

তাইওয়ান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১০৮টি এম১এ২টি ট্যাংকের মধ্যে ৮০টি পেয়েছে। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্রই তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ। মার্কিন আইনে তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা দিতে সহায়তার বাধ্যবাধকতা রয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এখনও নতুন কোনও অস্ত্র বিক্রির অনুমোদন দেননি।

এদিকে একই দিনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুনের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগ রয়েছে।

প্রতিক্রিয়ায় দং বলেন, চীন-তাইওয়ান পুনর্মিলন একটি অপরিবর্তনীয় ঐতিহাসিক ধারা’ এবং যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতায় স্পষ্ট অবস্থান নেওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়