শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় মিলেছে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে মা, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চার সদস্য রয়েছেন।

মঙ্গলবার (০২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮), ছেলে মো. আরিফ ইসলাম (২৫), আরেক ছেলে রাকিবুল ইসলাম (১৮) এবং প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৩২)। জাহিদ যশোরের মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঈদের ছুটি উপলক্ষে শহিদুল ইসলামের পরিবার ঢাকায় অবস্থান শেষে গ্রামের বাড়ি যশোরে ফিরছিলেন। পথে মালিগ্রাম ফ্লাইওভারের কাছে পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে আঘাত করে। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতি, ঘন কুয়াশা বা কম দৃশ্যমানতার কারণে চালক দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারাতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়