শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে বৈরী আবহাওয়ায় পাকা ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় চাষিরা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর উপজেলায় দিগন্তজুড়ে সোনালি বোরো ধানে ভরে উঠেছে মাঠ। ভালো ফলনের আশায় মুখে হাসি থাকলেও হঠাৎ বৈরী আবহাওয়ায় সেই হাসি এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে কৃষকদের। ঝড়-বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে পাকা ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির ধান কাটা উপযোগী হয়ে উঠলেও আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে মাঠে নামতে পারছেন না কৃষকরা। অনেকেই ইতোমধ্যে ধান কেটে মাঠে রেখেছেন, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উথলী ইউনিয়নে ঝড়-বৃষ্টির কারণে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে, আবার নিচু জমিতে কেটে রাখা ধান পানিতে ভাসতে দেখা গেছে।

 পৌর এলাকার নারায়ণপুর গ্রামের তরুণ কৃষক মিঠুন মাহমুদ বলেন, “দুইদিন আগে রোদ দেখে ধান কেটে মাঠে রেখেছিলাম। এখন আবার টানা খারাপ আবহাওয়ার খবর পাচ্ছি। বাধ্য হয়ে ধানের শীষের আগা কেটে বাড়িতে নিয়ে যাচ্ছি। এতে খরচ বেড়ে যাচ্ছে।”

 মনোহরপুর গ্রামের কৃষক আকিমুল ইসলাম বলেন, “ধান পুরোপুরি পেকে গেছে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কাটতে পারছি না। বেশি পেকে গেলে ধান ঝরে পড়ে, ফলে ফলন কমে যাওয়ার শঙ্কা থাকে।”

এদিকে অনেক কৃষকই মাঠে পাকা ধান রেখে নির্ঘুম রাত কাটাচ্ছেন। আকাশে মেঘ জমলেই তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, “এ বছর উপজেলায় মোট ৭ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এখনো পুরোদমে ধান কাটা শুরু হয়নি। সাধারণত ৮০ শতাংশ ধান পেকে গেলে কাটার পরামর্শ দেওয়া হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা সমস্যায় পড়েছেন। আমরা নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি।”

এ অবস্থায় দ্রুত আবহাওয়া অনুকূলে না ফিরলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়