শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৫:৩১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত তাজ উদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত তাজ উদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় চলছে শোকের মাতম।

শুক্রবার (১৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন নিহত তাজ উদ্দিনের স্ত্রী অনন্তি বেগম। তিনি জানান, পরিবারের হাল ধরতে মাত্র ছয় মাস আগে মালদ্বীপে পাড়ি জমান তাজ উদ্দিন। বৃহস্পতিবার ভোররাতে নির্মাণকাজের সাইটের পাশের একটি গেস্টহাউজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে অনন্তি বেগম বলেন, ‘এখন আমরা কীভাবে চলব? চার মাসের মেয়েকে নিয়ে সংসারের দায়িত্ব কে নেবে?’ কথাগুলো বলতে বলতে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। নিহত তাজ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের কাচারিবাড়ির আবুল কাশেমের ছেলে।

স্বজনরা জানান, ধারদেনা করে ছয় মাস আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় মালদ্বীপে যান তাজ উদ্দিন। সেখানে দিঘুরা আইল্যান্ড এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। ঘটনার দুই দিন আগে স্ত্রীর সঙ্গে তার শেষবার কথা হয়। তখন ঈদের কেনাকাটার জন্য কিছু টাকা পাঠানোর কথাও বলেছিলেন।

কিন্তু কে জানত, সেটিই হবে তাদের শেষ কথা। বৃহস্পতিবার ভোররাতে দিঘুরা আইল্যান্ডের একটি নির্মাণকাজের সাইটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাজ উদ্দিনসহ পাঁচ বাংলাদেশি নিহত হন এবং আরও দুইজন দগ্ধ হন।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, নিহত অন্যরা হলেন— মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।

শুক্রবার তাজ উদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধ বাবা-মা শোকে নির্বাক হয়ে পড়েছেন।

নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘পরিবারের অভাব দূর করতে তাজ উদ্দিন মালদ্বীপে গিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যুতে আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে। ঘরে চার মাসের একটি শিশু কন্যা রেখে সে চলে গেল।’ তিনি দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। তাজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়