শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:০৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩২ জন গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ ও গ্রাম্য বিরোধ ঠেকাতে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (০৭ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুলালী গ্রামে কয়েকদিন ধরে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল। এমন পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে গ্রামের বিভিন্ন স্থান থেকে লাঠি, ঢাল, সুরকি, রামদা, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩২ জনকে আটক করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ। তাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গ্রামে তল্লাশি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রাম্য দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুলালী গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পুলিশের এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়