শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ পাঁচ দিনেও ফেরত নয়

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের যুবক শহিদুল ইসলামের লাশ পাঁচ দিনেও দেশে ফেরত আসেনি। এতে শোকে-পীড়ায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা।

নিহত শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে মঙ্গলবার দেখা যায়—স্ত্রী নাসরিন আক্তার কান্নায় কথা বলতে পারছেন না। স্বামীকে হারানোর শোকে তাঁর চোখের পানি শুকিয়ে গেছে। পরিবারের লোকজনও সীমান্তের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রিয়জনের লাশ তাঁরা শেষবারের মতো দেখতে পারবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, লাশ ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে বিএসএফ এখনো স্পষ্ট করে জানায়নি কখন লাশ হস্তান্তর করা হবে।

ঘটনার বিবরণ

গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নিহত হন। তিনি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে ও দুই সন্তানের জনক।

নিহতের পরিবার দাবি করেছে—সেদিন বিকেলে শহিদুল গরুর জন্য ঘাস কাটতে দোয়ালের মাঠ এলাকায় গেলে বিএসএফ সদস্যরা কাছ থেকে গুলি চালায়। ভারতের পরিচিতজনদের মাধ্যমেই পরিবারটি জানতে পারে ঘটনাস্থলেই শহিদুল মারা যান।

অন্যদিকে বিএসএফ প্রথমে তাঁকে আহত দাবি করলেও পরে রাত ৮টার দিকে বিজিবিকে জানায় যে শহিদুল মারা গেছেন। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি বলেন, পশ্চিমবঙ্গের নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা হেফাজতে লাশটি রাখা হয় এবং পরদিন কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে হিমঘরে সংরক্ষণ করা হয়েছে।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয় সূত্র জানায়, শহিদুলসহ ৬–৭ জন সীমান্ত পিলার ৭০–এর কাছাকাছি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে মাটিয়ারী বিএসএফ ক্যাম্পের টহল দলের চ্যালেঞ্জের মুখে পড়ে। এসময় শহিদুলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ গুলি ছোড়ে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে ভারতীয় সূত্র জানিয়েছে।

পাঁচ দিন ধরে লাশ ফেরত না পেয়ে নিহতের পরিবার আর্তনাদে ভেঙে পড়েছে। তারা দ্রুত লাশ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়