শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পিলজংগ ইউনিয়নের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সবুজ সরদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ার সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সবুজ ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় বাগেরহাট সদর পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি সঞ্চালন লাইনের তারে ঝুলতে থাকেন। এ সময় আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাঁকে নিচে নামায়। সবুজ সামি এন্টারপ্রাইজ নামক ঠিকাদার প্রতিষ্ঠানের একজন কর্মী ছিলেন বলে জানা গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামান ফায়ার সার্ভিসের সদস্যরা। কাজ করার সময় বিদ্যুতের সঞ্চালন লাইন চালু থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আনন্দ কুমার কুণ্ডু বলেন, এটি বাগেরহাট পল্লী বিদ্যুতের সদর দপ্তরের সঞ্চালন লাইনের কাজ। বিষয়টি তাদের অবগত করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো শ্রমিক বিদ্যুতের কাজ করার পূর্বে আমাদের অবগত করার কথা। যে সময়টুকু তারা কাজ করবেন, সে সময় আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখি। কিন্তু এদিন আমাদের না জানিয়ে শ্রমিকেরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।’

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়