শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা আটক হলেন পালানোর সময় 

বরিশাল বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে পুলিশ আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন কবির হোসেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং ট্রাকভর্তি মালামাল জব্দ করে।

বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানিয়েছেন, কবির হোসেন দায়িত্ব পালনকালে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ধার নেন। তার বিরুদ্ধে প্রায় সাত লাখ টাকা দেনা রয়েছে, এছাড়া স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে তা ফেরত দেননি। বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় স্থানীয়রা তাকে আটক করেন। তার ট্রাকে সরকারি মালামালও পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মো. রিয়াজ জানিয়েছেন, কবির হোসেনকে স্থানীয়দের কাছ থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কবির হোসেন পালানোর অভিযোগ অস্বীকার করেছেন, তবে সংবাদকর্মীদের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

কবির হোসেন পাটোয়ারী ব্যক্তিগত জীবনেও বেশ বিতর্কিত। একাধিক বিয়ের কারণে তিনি বরিশালে ব্যাপক আলোচনায় ছিলেন। সম্প্রতি তার ১৭টি বিয়ের প্রাথমিক সত্যতা মেলায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতারণা, যৌতুক দাবি এবং নির্যাতনের অভিযোগে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ কয়েকজন স্ত্রীর অভিযোগের পর মন্ত্রণালয়ের তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

কবির হোসেন চাঁদপুর জেলার তুষপুর গ্রামের বাসিন্দা। ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় একাধিকবার একই ধরনের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরিতে পুনর্বহাল হয়ে আসেন। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে নতুন মামলা রয়েছে, যা পিবিআই তদন্ত করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়